বাংলাদেশ    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
LIVE ENGLISH

Copyright © 2026 • All Rights Reserved

কুমিল্লার মেঘনায় বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে: বহিষ্কার ও বিচারের দাবিতে মানববন্ধন

কুমিল্লার মেঘনা উপজেলায় এক বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত নেতার বহিষ্কার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় সর্বস্তরের জনগণ।রোববার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে মেঘনা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।মেঘনা উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির কুমিল্লা উত্তর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন কমান্ডার।বক্তারা বলেন, "একজন বীর মুক্তিযোদ্ধার সঙ্গে এ ধরনের অবমাননাকর আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।" তারা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দলীয় শৃঙ্খলা রক্ষা এবং মুক্তিযোদ্ধার মর্যাদা রক্ষার্থে রমিজ উদ্দিন লন্ডনীকে দ্রুত বিএনপি থেকে বহিষ্কার ও আইনের আওতায় আনার জোর দাবি জানান।এর আগে গত শনিবার (১০ অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো. আলী হোসেন।অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত একটি সভা শেষে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। সভায় বক্তব্য দেওয়া প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা বলার সময় রমিজ উদ্দিন লন্ডনী তাঁকে ঔদ্ধত্যপূর্ণভাবে ধমক দেন এবং সভায় তাঁকে কে আমন্ত্রণ জানিয়েছে তা জানতে চান। একপর্যায়ে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।পরবর্তীতে বিষয়টি নিয়ে কথা বলতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তারের কার্যালয়ে যান আলী হোসেন। সেখানে ইউএনও, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম এবং কয়েকজন দলীয় নেতাকর্মী উপস্থিত থাকা সত্ত্বেও রমিজ উদ্দিন লন্ডনী তাঁর গলা চেপে ধরে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।পরবর্তীতে উপস্থিত লোকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ভুক্তভোগী মুক্তিযোদ্ধা দাবি করেন, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে রমিজ উদ্দিন লন্ডনীকে সহযোগিতা না করার আক্রোশ থেকেই তাঁকে এই শারীরিক লাঞ্ছনার শিকার হতে হয়েছে। এর আগেও বিভিন্ন সময়ে তাঁকে নানাভাবে গালমন্দ ও হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।অভিযুক্তের বক্তব্য: অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, "বিষয়টি সেখানে উপস্থিত ব্যক্তিদের জিজ্ঞাসা করলেই জানতে পারবেন। তাঁর সঙ্গে আমার কেবল কথা-কাটাকাটি হয়েছে, কিন্তু মারধরের যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ একটি সাজানো নাটক। বিএনপির একটি পদবঞ্চিত অংশ আমার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করছে।"মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার বলেন, "আমার কার্যালয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে ঠিকই, তবে আমার সামনে কোনো মারামারি বা শারীরিক লাঞ্ছনার ঘটনা ঘটেনি। অফিসের বাইরে কিছু ঘটে থাকলে সে বিষয়ে আমার জানা নেই। পরবর্তীতে ওসির উপস্থিতিতে দুজনকে সরিয়ে দেওয়া হয়।" একই ধরনের বক্তব্য দিয়েছেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলামও। ওসির পক্ষপাতিত্বের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, "এটি সম্পূর্ণ মিথ্যা; আমি যা সত্য, কেবল তাই গণমাধ্যমকে জানিয়েছি।"প্রশাসন ও অভিযুক্তের দাবি নাকচ করে বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন বলেন, "সেখানে আমার কোনো সমর্থক বা লোকজন উপস্থিত ছিলেন না। উপস্থিত সবাই রমিজ উদ্দিন লন্ডনীর অনুসারী হওয়ায় তারা ভয়ে মুখ খুলছেন না এবং প্রশাসনও সত্য ঘটনা আড়াল করার চেষ্টা করছে।" উল্লেখ্য, আলী হোসেন নিজেকে মুক্তিযুদ্ধের ১ নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করা একজন বীর মুক্তিযোদ্ধা এবং দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে বিএনপির আদর্শের সঙ্গে যুক্ত একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় মুক্তিযোদ্ধা ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

কুমিল্লার মেঘনায় বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে: বহিষ্কার ও বিচারের দাবিতে মানববন্ধন