উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক, হোমনা (কুমিল্লা):
আনন্দ-উচ্ছ্বাসে মুখর খেলার মাঠ মুহূর্তেই রূপ নিল এক অচেনা আর্তনাদ আর শোকার্ত কান্নায়। একটু আগে পায়ে বল নিয়ে মাঠ মাতাচ্ছিল যে কিশোর, সহপাঠীদের সঙ্গে গোল করার আনন্দে মেতে ওঠার কথা ছিল যার—আজ সে চিরদিনের মতো ঘুমিয়ে পড়েছে না ফেরার দেশে। কুমিল্লার হোমনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতায় ফুটবল খেলা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী জিসান আহমেদ (১৪)।
সোমবার (৯ নভেম্বর) হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে হোমনা পৌরসভা ও মাথাভাঙ্গা ইউনিয়ন দলের মধ্যকার জমজমাট ফুটবল প্রতিযোগিতা চলছিল। খেলায় টানটান উত্তেজনা আর দর্শকদের করতালিতে মুখর ছিল চারপাশ। ঠিক সেই মুহূর্তে হঠাৎ মাঠের মাঝখানে লুটিয়ে পড়ে জিসান।
মুহূর্তের মধ্যে খেলার আনন্দ রূপ নেয় চরম আতঙ্কে। সহপাঠী ও আয়োজকরা দ্রুত তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের এই ঘোষণায় পুরো হাসপাতাল চত্বরে নেমে আসে শোকের মাতম।
জিসানের মৃত্যু খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে যান হোমনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন। জিসানের মরদেহের পাশে দাঁড়িয়ে পাগলপ্রায় মা। এ সময় সেখানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার শত শত মানুষ উপস্থিত ছিলেন।
একটি রঙিন ক্রীড়া উৎসব কীভাবে একটি পরিবারের জীবনে চিরস্থায়ী অন্ধকার নেমে আনতে পারে, তার এক নির্মম সাক্ষী হয়ে রইল হোমনার এই মাঠ। জিসানের এই আকস্মিক ও অকাল প্রয়াণে তার পরিবারে চলছে মাতম। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীসহ পুরো এলাকজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
সকলের একটাই প্রার্থনা—মহান আল্লাহ যেন জিসানের বিদেহী আত্মাকে শান্তি দেন এবং এই অসহ্য শোক সইবার শক্তি তাঁর পরিবারকে দান করেন।