উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
পরকীয়ার প্রতিবাদ করায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মেধাবী শিক্ষার্থী ফারজানা ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে—এমন অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছেন তাঁর গ্রামের মানুষ। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের জয়কালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘খাদেমুল ইসলাম মানবকল্যাণ সংগঠন’ ও সর্বস্তরের গ্রামবাসীর ব্যানার-প্ল্যাকার্ড হাতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নিহতের স্বজনসহ এলাকার শত শত নারী-পুরুষ অংশ নিয়ে হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান।
মানববন্ধনে অশ্রুসিক্ত কণ্ঠে ফারজানার পিতা রফিকুল ইসলাম ফাজিল অভিযোগ করে বলেন, "আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। জামাই নাজমুলের পরকীয়ার প্রতিবাদ করায় সে ফারজানার ওপর অত্যাচার চালাত। পূর্বে এ নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হলেও পরবর্তীতে সামাজিকভাবে তা মীমাংসা করা হয়েছিল। কিন্তু সেই আপস-মীমাংসাই আজ আমার মেয়ের জীবন কেড়ে নিল।"
প্রতিবাদ সমাবেশে স্থানীয় বক্তারা গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে বলেন, বাঞ্ছারামপুরের এক সম্ভাবনাময় কৃতি সন্তানকে এভাবে অকালে হারিয়ে পুরো এলাকা আজ শোকস্তব্ধ। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর এমন অস্বাভাবিক মৃত্যু কোনো সাধারণ ঘটনা হতে পারে না; এটি স্পষ্টত একটি হত্যাকাণ্ড।
বক্তারা ফতুল্লা থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হুশিয়ারি দেন যে, যদি অতি দ্রুত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মূল রহস্য উদ্ঘাটন করে দোষীদের বিরুদ্ধে চার্জশিট না দেওয়া হয়, তবে বাঞ্ছারামপুরবাসী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ আরও কঠোর রাজপথের কর্মসূচির ডাক দিতে বাধ্য হবে।