উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ‘হাজী বিরিয়ানি’ রেস্টুরেন্টের কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অভিযানে জব্দ করা বিএসটিআইয়ের অনুমোদনহীন ৫৫০ বোতল কেওড়ার জল ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার স্টিল ব্রিজ এলাকায় অবস্থিত রেস্টুরেন্টটির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা প্রথমে কারখানাটিতে পরিদর্শনে যান। এ সময় সেখানে ব্যাপক অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পেয়ে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোড. রবিউল হাসান ভূঁইয়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানে যেসব অনিয়ম ধরা পড়ে-মাংস ধোয়ার উন্মুক্ত স্থানের পাশেই কবুতর পালন করা হচ্ছিল।বিএসটিআইয়ের অনুমোদনবিহীন কেওড়ার জলের বোতল সংরক্ষণ করা হয়েছিল। মরিচা পড়া ও রংযুক্ত ফ্রিজে কাঁচা মাংস রাখা হয়েছিল। লেবেলবিহীন ড্রামে ভোজ্যতেল এবং খোলা ও লেবেলবিহীন অবস্থায় মসলা সংরক্ষণ করা হয়েছিল।
অভিযানসংশ্লিষ্টরা জানান, এর আগে প্রতিষ্ঠানটিকে রান্নাঘরের পরিবেশ উন্নত করার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে তা পুরোপুরি না মেনে অনিয়ম অব্যাহত রাখায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ ছাড়া জনস্বার্থে জব্দ করা ৫৫০ বোতল অনুমোদনহীন কেওড়ার জল ধ্বংস করা হয়।
অভিযান শেষে ভবিষ্যতে প্রচলিত আইন ও স্বাস্থ্যবিধি মেনে খাদ্য প্রস্তুত এবং ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার কঠোর নির্দেশনা দেয় প্রশাসন।