উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী ফারজানা ইসলামের (২৩) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী নাজমুল ইসলামকে আটক করে ফতুল্লা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
নিহতের পরিবার দাবি করেছে, এটি পারিবারিক কলহ ও শারীরিক নির্যাতনের জেরে ঘটানো পরিকল্পিত হত্যাকাণ্ড।
নিহত ফারজানা ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দী ইউনিয়নের জয়কালীপুর গ্রামের মেয়ে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর স্বামী নাজমুল ইসলাম একই বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী।
পারিবারিক সূত্র ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় তিন বছর আগে নাজমুল ও ফারজানার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরবর্তীতে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের প্রথম দিকে নাজমুল বেকার থাকায় প্রায় এক বছর ফারজানার পরিবারই তাঁদের আর্থিক সামাল দেয়।
নিহতের বড় ভাই মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, নাজমুল চাকুরিতে যোগ দেওয়ার পর নিহতের পরিবার থেকে আর্থিক সহায়তা দেওয়া বন্ধ করা হয়। এরপর থেকেই নাজমুল অতিরিক্ত টাকার জন্য ফারজানার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করেন। নির্যাতন সইতে না পেরে ফারজানা একপর্যায়ে বাবার বাড়িতে চলে আসেন এবং চার মাস সেখানেই অবস্থান করেন। ওই সময়ে নাজমুল তাঁর কোনো খোঁজখবর নেননি।
পরিস্থিতি জটিল হলে ফারজানার পরিবার নাজমুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে এবং মামলা দায়ের করে। পরবর্তীতে উভয় পরিবারের উপস্থিতিতে সমঝোতা হলে ফারজানাকে আবার নাজমুল তাঁর ফতুল্লার বাসায় নিয়ে যান। নিহতের পরিবারও তাঁদের দায়ের করা মামলাটি প্রত্যাহার করে নিতে রাজি হয়।
নিহতের ভাই আরিফুল ইসলাম বলেন, “শনিবার দিনে নাজমুলের দুলাভাই আমাকে ফোন দিয়ে নিশ্চিত হতে চান যে আমরা মামলাটি পুরোপুরি তুলে নিয়েছি কি না। এর ঠিক কয়েক ঘণ্টার মাথায়, রাত ১০টার দিকে নাজমুল ফোন করে জানান ফারজানা নাকি আত্মহত্যা করেছে। কয়েক ঘণ্টা আগেই মামলা প্রত্যাহারের খোঁজ নেওয়ার পর এমন ঘটনা ঘটা চরম সন্দেহজনক।”
পরিবারের দাবি, পূর্বপরিকল্পিতভাবে ফারজানাকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাঁরা এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তপূর্বক জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ভুইঘর এলাকার ওই ভাড়া বাসার মালিক আব্দুল কাদের জানান, রাত সাড়ে ১০টার দিকে নাজমুল হঠাৎ এসে তাঁকে ডেকে জানান ফারজানা গলায় ফাঁস দিয়েছেন। পরে তাঁরা ঘরে গিয়ে দেখতে পান ফারজানার দেহ ফ্যানের সঙ্গে ঝুলছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি ফতুল্লা থানায় অবহিত করা হয়।
খবর পেয়ে ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) গাজী সুমন মাহতাবের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ফারজানার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা থানার পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী নাজমুল ইসলামকে থানা হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও পরিবারের অভিযোগ এবং আলামত বিবেচনা করে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থীর এমন আকস্মিক ও রহস্যজনক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর সহপাঠী ও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। সাধারণ শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে ফারজানার মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের জোর দাবি জানিয়েছেন।