উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জুনায়েদ আহমেদ, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৬
হোমনা (কুমিল্লা): বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এম কে আনোয়ারের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লার হোমনায় শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হয়েছে দিনব্যাপী নানা কর্মসূচি।
শনিবার সকালে মরহুমের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, স্মৃতিচারণ সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া বলেন, “এম কে আনোয়ার ছিলেন জাতীয় রাজনীতির এক উজ্জ্বল তারকা পুরুষ। হোমনা-তিতাসের সার্বিক উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর অসম্পূর্ণ উন্নয়নকাজগুলো সম্পন্ন করতে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।
শনিবার সকালে আয়োজিত কর্মসূচির শুরুতেই এম কে আনোয়ারের জ্যেষ্ঠ সন্তান মাহমুদ আনোয়ার কাইজার পরিবারের পক্ষ থেকে তাঁর মা-বাবার কবর জিয়ারত ও দোয়া করেন। পরবর্তীতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানানো শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
স্মৃতিচারণ করতে গিয়ে সংসদ সদস্য সেলিম ভুঁইয়া আরও বলেন, “এম কে আনোয়ারের মতো অভিজ্ঞ, সৎ ও নীতিনিষ্ঠ রাজনীতিবিদ ছিলেন এ দেশের অন্যতম সম্পদ। তাঁর হাত ধরেই এ অঞ্চলের উন্নয়নের মূল ভিত্তি তৈরি হয়েছিল। সেই ভিত্তিকে সমৃদ্ধ করে এলাকার মানুষের প্রত্যাশা পূরণ করা আমাদের দায়িত্ব। তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে তাঁর দেশপ্রেম ও জনকল্যাণমুখী রাজনীতি থেকে শিক্ষা নিতে হবে।
উল্লেখ্য, এম কে আনোয়ার বাংলাদেশের প্রশাসন ও রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সরকারের মন্ত্রিপরিষদ সচিবসহ রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সক্রিয় রাজনীতিতে যুক্ত হন এবং দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী পর্ষদ 'জাতীয় স্থায়ী কমিটি'র সদস্য নির্বাচিত হন। তিনি একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন থেকে মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। এলাকার যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তনসহ সার্বিক উন্নয়নে তাঁর ভূমিকা আজীবন স্মরণীয় হয়ে থাকবে।
মরহুমের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুল ইসলাম।হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন। হোমনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক (ভিপি মুকুল)। সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা। উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শাহ আলম হিমেল।উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মোল্লা ও মো. সাইফুল ইসলাম (ভিপি রাজা)। পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
এছাড়াও স্থানীয় স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী, মরহুমের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও স্থানীয় গুণগ্রাহীরা দোয়া ও স্মৃতিচারণ সভায় অংশ নেন।