উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একটি প্রাচীন মাজারের মূল ফটকের তালা ভেঙে দানবাক্সের নগদ টাকাসহ মূল্যবান মালামাল চুরির ঘটনা ঘটেছে। উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মধ্যনগর এলাকায় অবস্থিত ‘আম্বর আলী শাহ মাজারে’ এ দুঃসাহসিক চুরি সংগঠিত হয়। এতে নগদ টাকাসহ আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টা থেকে বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৬টার মধ্যে যেকোনো সময় এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার বিকেলে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে (যার এসডিআর নম্বর: ২০৮৫)।
মাজার পরিচালনা কমিটির প্রতিনিধি এটিএম বাক্কী জানান, মঙ্গলবার রাতে তিনি মাজারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে মূল ফটকে তালা লাগিয়ে বাড়িতে চলে যান। পরদিন বুধবার সকালে মাজারে এসে দেখেন মূল ফটকের তালা ভাঙা এবং ভেতরের দরজা খোলা। পরে স্থানীয়দের উপস্থিতিতে ভেতরে তল্লাশি চালিয়ে দেখা যায় দানবাক্স ও মালামাল উধাও।
অভিযোগ সূত্র অনুযায়ী, চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে দানবাক্সের নগদ টাকা: প্রায় ১,০০,০০০ (এক লাখ) টাকা।কাঁসার পাতিল ৮টি (আনুমানিক মূল্য ২০,০০০ টাকা)। অন্যান্য আসবাবপত্র আনুমানিক ২৫,০০০ টাকা মূল্যের।
মাজার কমিটির দাবি, ওই এলাকায় দিনরাত মাদকসেবীদের আনাগোনা থাকে। ধারণা করা হচ্ছে, এ চক্রটির কেউ চুরির সঙ্গে জড়িত থাকতে পারে। মাজারের ভক্ত রিয়াজ ও স্থানীয় বাসিন্দা আলমগীর বলেন, “ধর্মীয় উপাসনালয়ে এমন চুরি অত্যন্ত উদ্বেগজনক। তদন্ত করে জড়িতদের দ্রুত চিহ্নিত ও গ্রেপ্তার করা উচিত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিন মিয়া জানান, “মাজারে চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। দ্রুতই অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।