উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক, বাঞ্ছারামপুর
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওসমান মাঝির বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানি, চাঁদাবাজি, জায়গা জবরদখল ও মাদক কারবারে জড়িত থাকার নানা অভিযোগের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ২টায় বাঞ্ছারামপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওসমান মাঝি।
সংবাদ সম্মেলনে বক্তব্যে তিনি দাবি করেন, তাঁর বিরুদ্ধে উত্থাপিত সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল রাজনৈতিক ও সামাজিকভাব তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই ধরনের ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালিয়ে আসছে।
গত ৫ আগস্টের প্রেক্ষাপট উল্লেখ করে ওসমান মাঝি বলেন, "৫ আগস্টের পর হিন্দু সম্প্রদায়ের বাড়িতে চাঁদাবাজি এবং সম্পত্তি দখলের বিষয়ে আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে, তা বানোয়াট। এই অপপ্রচারের মূল উদ্দেশ্যই হলো রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আমাকে সামাজিকভাবে হেয় করা।"
তিনি আরও বলেন, ঘটনার কোনো সত্যতা ছাড়াই মনগড়া তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে। কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে প্রকৃত সত্য উন্মোচন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য স্থানীয় সাংবাদিকদের প্রতি বিনীত আহ্বান জানান তিনি।
তবে সংবাদ সম্মেলনে উপস্থাপিত এসব দাবির বিপরীতে সংশ্লিষ্ট কোনো সংবাদমাধ্যম বা অভিযোগকারী পক্ষের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। ওসমান মাঝির বিরুদ্ধে করা অভিযোগগুলোর সত্যতা নিশ্চিতে স্বতন্ত্র তদন্তের ওপর জোর দেওয়া হচ্ছে।