উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিম।
পরিদর্শনকালে তিনি উপজেলার বটতলী নম পাড়া পূজা মণ্ডপ এবং ঐতিহাসিক উজানচর ডাক্তার বাড়ি মন্দির ঘুরে দেখেন। এ সময় পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরার নজরদারি এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের উপস্থিতি ও কার্যক্রম পর্যবেক্ষণ করেন জেলা পুলিশ প্রধান।
মণ্ডপ পরিদর্শনের সময় সনাতন ধর্মাবলম্বী, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, ভক্ত ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কুশল বিনিময় করেন পুলিশ সুপার। এ সময় তিনি আয়োজক ও পুজারীদের উদ্দেশ্যে এক দৃঢ় ও আশ্বস্ত বার্তায় বলেন—
"সনাতন ধর্মাবলম্বীরা যেন সম্পূর্ণ ভয়হীন, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে তাদের প্রধান ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে ব্যাপারে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরণের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।"
পরিদর্শনের সময় পুলিশ সুপারের সাথে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসিনসহ জেলা ও থানা পুলিশের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা।
আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তার সরাসরি উপস্থিতি ও আশ্বাসপ্রদানকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। পরিদর্শন শেষে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় গভীর সন্তোষ প্রকাশ করে পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান পূজা কমিটির নেতৃবৃন্দ।