উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: তিতাস নদীর তলদেশ থেকে মরদেহ উদ্ধারের পর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ফুঁসে উঠেছে বিক্ষুব্ধ জনতা। ড্রেজার ব্যবসায়ী মোকবুল হোসেন গুড্ডু (৩৮) হত্যাকাণ্ডে জড়িত প্রধান অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসির দাবিতে রাজপথে নেমেছেন সর্বস্তরের মানুষ। গ্রেফতারকৃত চার আসামির মধ্যে তিনজনকে রিমান্ডে নেওয়ার খবরে সোমবার বাঞ্ছারামপুর মডেল থানা ও উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রতিবাদে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। শত শত নারী-পুরুষ মিছিলে অংশ নিয়ে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানান।
গত ২৭ সেপ্টেম্বর (রোববার) দুপুরে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের মিরপুর সংলগ্ন তিতাস নদীতে এক রোমহর্ষক দৃশ্যের অবতরণ ঘটে। নদীর তলদেশে নৌকার সঙ্গে লোহার অ্যাঙ্গেল ও শক্ত রশি দিয়ে বেঁধে ডুবিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় মোকবুল হোসেনের নিথর দেহ। নারায়ণগঞ্জ নদী ফায়ার সার্ভিসের একটি চৌকস ডুবুরি দল আপ্রাণ চেষ্টা চালিয়ে নদীর গভীর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।
নিহত মোকবুল হোসেন পাঠামারা গ্রামের প্রয়াত মোহন মিয়া ব্যাপারীর ছেলে। সংসার জীবনে তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। স্থানীয়দের তথ্যমতে, তিতাস নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ব্যবসা করতেন মোকবুল। এই ব্যবসায় প্রধান আসামি রুবেলের সঙ্গে তাঁর ব্যবসায়িক অংশীদারিত্ব ছিল। ব্যবসায়িক দ্বন্দ্ব কিংবা পূর্বশত্রুতার জের ধরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন— রুবেল, অবিদ মিয়া, বিল্লাল হোসেন ও আকলিমা আক্তার আঁখি।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি রুবেল ইতোমধ্যে আদালতে (১৬৪ ধারা) নিজের অপরাধ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। যার ফলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে হত্যাকাণ্ডের নেপথ্য রহস্য উদঘাটনে বাকি তিন আসামি— অবিদ মিয়া, বিল্লাল হোসেন ও আকলিমা আক্তার আঁখিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
তিন আসামিকে রিমান্ডে এনে বাঞ্ছারামপুর মডেল থানায় রাখা হয়েছে— এমন খবর ছড়িয়ে পড়তেই পাঠামারা গ্রাম থেকে স্বতঃস্ফূর্তভাবে মানুষ রাস্তায় নেমে আসেন। ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে তাঁরা বাঞ্ছারামপুর মডেল থানা ও উপজেলা চত্বর ঘেরাও করে মানববন্ধন করেন। মানবন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই নির্মম ও পরিকল্পিত হত্যাকাণ্ডে জড়িত রুবেল, অবিদ, বিল্লাল ও আঁখিসহ প্রতিটি অপরাধীর চূড়ান্ত পরিণতি হিসেবে ফাঁসি কার্যকর করতে হবে।” একই সঙ্গে ঘটনার প্রকৃত রূপ উদ্ঘাটনে কোনো প্রভাব ছাড়া নিরপেক্ষ তদন্তের দাবি জানান তারা।
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন বলেন, “গ্রেফতারকৃত আসামিদের রিমান্ডে এনে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও নেপথ্যে আর কেউ জড়িত আছে কি না, তা বের করতে তদন্ত জোরদার করা হয়েছে। অতি দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন পেশ করা হবে।"