উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সিএনজিচালিত অটোরিকশায় বিদেশি মদ বহনকালে মো. রাশেদ ভূঁইয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে অটোরিকশাটি থেকে ১৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কসবা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিশাড়াবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাশেদ ভূঁইয়া কসবা উপজেলার আকছিনা গ্রামের মো. সুধন ভূঁইয়ার ছেলে।
পুলিশ সূত্র জানায়, কসবা পৌরসভার বিশাড়াবাড়ী এলাকায় সিএনজিচালিত অটোরিকশাযোগে মাদকের একটি চালান পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা-পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানকালে একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশার গতিরোধ করে তল্লাশি চালানো হয়। পরে যানটি থেকে ১৬ বোতল প্রিমিয়াম ব্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয় এবং বহনকারী রাশেদকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত মদ ও পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটি আইনানুগ বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশের মিডিয়া উইং থেকে জানানো হয়, জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ও উৎসের বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় পাঠানোর প্রস্তুতি চলছে।