উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কৃতিত্বের সাক্ষর রেখেছে মেধাবী ছাত্রী আঁখিনূর আইভি। সম্প্রতি আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রথম স্থান এবং পরবর্তীতে গত ৮ অক্টোবর জেলা পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে সে। এর আগে গত ৭ অক্টোবর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সে জেলা পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছিল।
আঁখিনূর আইভি বাঞ্ছারামপুর সরকারি এস. এম. পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী। সে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক আলমগীর হোসেন ও প্যারামেডিক স্বাস্থ্যকর্মী দম্পতির মেজো কন্যা। তাদের বাড়ি উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের সাতবিলা গ্রামের 'জলিল চেয়ারম্যান বাড়ি'তে।
লেখাপড়া ও সহপাঠ্যক্রমিক উভয় ক্ষেত্রেই আঁখিনূর আইভির ধারাবাহিক সাফল্যের পরিচয় পাওয়া যায়। সে ২০২৪ ও ২০২৫ সালে 'বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন'-এর অধীনে অনুষ্ঠিত বৃত্তিমূলক পরীক্ষায় যথাক্রমে সপ্তম ও অষ্টম শ্রেণিতে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। এছাড়া বাংলাদেশ স্কাউটসের লিখিত পরীক্ষায় অংশ নিয়ে সে উপজেলা, জেলা ও আঞ্চলিক ধাপ পেরিয়ে জাতীয় পর্যায় পর্যন্ত সাফল্যের সাথে অংশগ্রহণ করেছে।
চিত্রাঙ্কনে জেলা পর্যায়ের এই গৌরবময় অর্জন বাঞ্ছারামপুর সরকারি এস. এম. পাইলট মডেল উচ্চ বিদ্যালয়সহ পুরো বাঞ্ছারামপুর উপজেলার জন্য সুনাম বয়ে এনেছে।
নিজের এই সাফল্যে অনুভূতি প্রকাশ করতে গিয়ে আঁখিনূর আইভি জানায়, সে ভবিষ্যতে আরও ভালো ফলাফল ও অর্জন উপহার দিয়ে দেশ ও সমাজের সেবা করতে চায়। এ লক্ষ্যে সে শিক্ষক, অভিভাবকসহ সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেছে।