উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভাটি অনুষ্ঠিত হয়। বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল এমরান খাঁনের সভাপতিত্বে এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, এমপি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া, বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুসা, গণসংহতি আন্দোলনের বাঞ্ছারামপুর উপজেলা সমন্বয়ক মো. শামীম শিবলী, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. নাসির আহমেদ, পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী বাবু রতন চন্দ্র সাহা ও শ্রী শ্যামল চন্দ্র সাহা, রকিবুল ইসলাম এবং ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের গণসংহতি আন্দোলনের সমন্বয়ক। এ ছাড়া বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধি, স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, "দুর্গাপূজা আমাদের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য প্রতীক। প্রতিটি মণ্ডপের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা কমিটি এবং স্থানীয় জনসাধারণকে একযোগে কাজ করতে হবে। যেকোনো ধরনের গুজব বা উসকানি প্রতিরোধে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।" এ সময় তিনি প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত আলোর সুব্যবস্থা, সিসি ক্যামেরা সচল রাখা এবং স্বেচ্ছাসেবকদের তৎপর থাকার ওপর বিশেষ জোর দেন।
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ তাঁর বক্তব্যে বলেন, পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখা অত্যন্ত জরুরি। শৃঙ্খলা রক্ষার্থে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক শক্তি প্রশাসনকে সব ধরনের সহায়তা প্রদান করবে।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন জানান, উপজেলায় এবার মোট ৪৬টি পূজামণ্ডপে পূজা উদযাপিত হবে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরার আওতায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ তৎপর রয়েছে। তিনি গুজবে কান না দিয়ে এবং যাচাই না করে তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
সভায় মণ্ডপের নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরিশেষে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং পূজা উদযাপন কমিটির যৌথ অংশগ্রহণে একটি নিরাপদ ও আনন্দঘন দুর্গোৎসব উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।